খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটক করতে চলছে অভিযান।
রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু।
তিনি জানান, এ ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। শনাক্ত হওয়া তিনজন হলেন জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুরে সাদিক কায়েমের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন। এতে বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি বাইরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এসি//