জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
তিনি জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে কটিয়াদীর আচমিতা এলাকার একটি হ্যাচারিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত মৎস্যচাষি ও মৎস্যজীবীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং স্থানীয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছেন।
পি/ডি