পুলিশ হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর থেকে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত ১৮ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুরি, মাদকসহ একাধিক মামলার আসামি ফুল্লশী গ্রামের রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বিকেলে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় কয়েকশ মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালায়।
এতে এ সময় থানা ঢুকে ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশের ছয় সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।
ওসি মো. মাসুদ খান বলেন, রিয়াজ ফকিরের মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব। সিসিটিভির ফুটেজে দেখা গেছে তিনি হাজতখানার দেয়ালে নিজেই মাথায় আঘাত করে আহত হয়েছেন। এ ঘটনার বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।
আই/এ