সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার মানুষের বিপদে পাশে দাঁড়ালেই তা সার্থক হয়। যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, তাকে কোনো সরকারই বলা চলে না। আমরা চাই, সরকার মানুষের খোঁজ নেক, দায়িত্ব নেক এবং সমস্যা সমাধানেরও চেষ্টা করুকা
শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বন্যার কারণে নারী, শিশু ও প্রবীণেরা চরম কষ্টে আছেন। জরুরি ভিত্তিতে সেখানে পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছানো এবং ভবিষ্যতে যেন এমন বিপর্যয় না ঘটে, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার।
বিরোধী দল হিসেবে সরকারের যেকোনো ভালো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে জামায়াত আমির আরও বলেন, আমরা আপনাদের কষ্টে সহানুভূতি প্রকাশ ও কষ্টের অংশীদার হতে এসেছি। এ খাদ্য সামগ্রীগুলো রিলিফ না, এগুলো ভাই ও মা-বোনদের জন্য উপহার। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে এ বিপদে আপনাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন। এও দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি আপনাদের এ বিপদ থেকে মুক্তি দেন এবং এ কষ্ট থেকে দীর্ঘস্থায়ী সমাধান দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম ও ডাকসুর জিএস এস.এম ফরহাদসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর/আই