অবৈধ গ্যাস সংযোগের কারণে পাইপলাইনে সৃষ্টি হওয়া লিকেজের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (১৮ জুলাই) কয়েক ঘণ্টা দেশের একটি প্রধান সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে লিকেজ সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে সেই লিকেজ মেরামতের কাজ করা হবে।
এ কারণে শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ থেকে নরসিংদীগামী সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে স্বাভাবিক গ্যাস সরবরাহ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসি//