সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই উৎপাদন ও বিভিন্ন অনিয়মের দায়ে খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই উৎপাদন কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কারখানার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের অনুমোদন নেই।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ব্যবহৃত দুধের নমুনা পরীক্ষা করা হলে দুধের মান সন্তোষজনক পাওয়া যায়। তবে কারখানায় উৎপাদিত দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাতকরণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনার মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে।
এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো. বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আই/এ