খেলাধুলা

স্কালোনির বিদায়ের গুঞ্জন, আর্জেন্টিনার নতুন কোচ কে?

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই পরাজয়ের পর শুধু ম্যাচের ফল নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎও। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তার বর্তমান চুক্তির মেয়াদ থাকলেও, নতুন করে দায়িত্ব বাড়ানোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আর্জেন্টিনার ডাগআউটে পরবর্তী অধ্যায় নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি।

ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী এই কোচ দায়িত্ব ছাড়লে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চারজনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক সেই চার সম্ভাব্য কোচকে-

পাবলো আইমার

বর্তমান কোচিং স্টাফে স্কালোনির সহকারী হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার পাবলো আইমার। সাম্প্রতিক সাফল্যের পুরো যাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ফিনালিসিমা জয়, ২০২২ বিশ্বকাপ জেতা এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনেও ছিল তার অবদান। ফলে ধারাবাহিকতা বজায় রাখতে আইমারকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

মার্সেলো গালিয়ার্দো

খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই রিভার প্লেটের কিংবদন্তি মার্সেলো গালিয়ার্দো দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় রয়েছেন।

রিভারে দ্বিতীয় মেয়াদ খুব বেশি সফল না হলেও দক্ষিণ আমেরিকার ফুটবলে তার অর্জন তাকে অন্যতম শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

দিয়েগো সিমিওনে

এক দশকেরও বেশি সময় ধরে অ্যাথলেটিকো মাদ্রিদের দায়িত্বে থাকা দিয়েগো সিমিওনে বহুবার জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ক্লাব ফুটবলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সাফল্য পাওয়া এই কোচ প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পেতে পারেন।

মাউরিসিও পোচেত্তিনো

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট মাউরিসিও পোচেত্তিনোও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। টটেনহ্যাম, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) এবং চেলসির মতো ক্লাব পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তরুণ ফুটবলার গড়ে তোলার দক্ষতার কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কাছে তিনি আকর্ষণীয় বিকল্প হতে পারেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ #ফিফা #আর্জেন্টিনা #কোচ #স্কালোনি