জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, জাতীয় সংসদ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। কোনো সংসদ সদস্য নিজ ইচ্ছায় দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
তবে কোনো রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলেই তার সংসদ সদস্য পদ বাতিল হবে—এমন কোনো বিধান সংবিধানে নেই বলেও উল্লেখ করেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স এলে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, সম্প্রতি এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই গেল ১৭ জুন পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এমএ//