রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাতে ডিএমপি মতিঝিল জোনের সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বোমার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে কোন ধরণের দুর্ঘটনা ছাড়াই বোমাগুলো নিস্ক্রিয় করা হয়।
দায়িত্বরত এক আনসার সদস্য জানান, স্থানীয়রা ছাতা দুটি দেখে আনসার সদস্যদের ডাকেন। পরে ছাতার ভেতরে লাল আলো জ্বলায় বিষয়টি তাদের মনে সন্দেহের তৈরি করে। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই স্থান থেকে জনসাধারণকে সরিয়ে দেন।
ধারণা করা হচ্ছে সন্ধ্যার পর কেউ বোমাগুলো সেখানে রেখে গেছে।
বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্রে জানা গেছে, উদ্ধার আইইডিতে একটি বৈদ্যুতিক সার্কিট এবং ব্যাটারি ছিল। ধাতব পাইপের ভেতরে প্রায় এক থেকে দেড় কেজি সালফার এবং স্প্লিন্টারের জন্য প্রচুর পরিমাণে ছোট ছোট লোহার বিয়ারিং বল ছিল।
আই/এ