আন্তর্জাতিক

‘আন্দোলন চলবে’ ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

তীব্র আন্দোলনের মুখে নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে তার পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসার কিছুক্ষণ পরই সিজেপি জানিয়ে দেয়, তাদের তিনটি প্রধান দাবির মধ্যে একটি পূরণ হলেও বাকি দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হলেও এখনো দুটি দাবিতে অনড় রয়েছে আন্দোলনকারীরা।

সিজেপির দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা প্রতিটি পরীক্ষার্থীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির প্রধান অভিজিৎ দীপকে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, তবে আন্দোলনের লক্ষ্য এখনো পূর্ণ হয়নি।

তিনি উল্লেখ করেন, আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন।

অভিজিৎ দীপকে আরও বলেন, বাকি দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ককরোচদের হালকাভাবে নেওয়া উচিত হবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান #সিজেপি #ককরোচ জনতা পার্টি