সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এস এম আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেল ১৫ জুলাই মামলার রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত।
মামলার নথি অনুযায়ী, এস কে সুর ও তার ওপর নির্ভরশীলদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য চেয়ে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। ২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করেন।
তবে নোটিশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদের হিসাব জমা দেননি। এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।
পরে মামলাটির তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ৬ নভেম্বর এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে এস কে সুরের নাম আসার পর ২০২২ সালে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। ওই বছরের মার্চে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হয়।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের এনফোর্সমেন্ট টিম। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এমএ//