অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ গ্যারান্টির আওতায় তিন মাসের ঋণ চুক্তির মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসিকে ৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। এ সহায়তার ফলে আগামী ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক। একই সঙ্গে গ্রাহকেরা তাঁদের আমানতের টাকা উত্তোলনের সুযোগ পাবেন।

তিন মাস মেয়াদি এ ঋণের সুদের হার ১০ শতাংশ। ইতোমধ্যে ঋণের অর্থ লেনদেন সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে ওই অর্থ পরিশোধ করবে।

ন্যাশনাল ব্যাংক ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু করেছে ব্যাংকটি। গত ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় ৭ হাজার আবেদন জমা পড়েছে। গ্রাহকদের সেবা নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবরের মধ্যে সব শাখায় প্রয়োজনীয় অর্থ পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত সপ্তাহে ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন। আমানতকারীদের অর্থ পরিশোধের সুবিধার্থে তারা এ সহায়তা চান।

বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তার আশ্বাস দেয়। একই সঙ্গে ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে ন্যাশনাল ব্যাংক। ২০২২ সাল থেকে গত চার বছরে ব্যাংকটির মোট লোকসান প্রায় ৯ হাজার কোটি টাকা।

ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ন্যাশনাল ব্যাংকের লোকসান হয়েছে ২ হাজার ৪৩০ কোটি টাকা। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৭২২ কোটি টাকা। সে হিসাবে এক বছরে লোকসান বেড়েছে ৪১ শতাংশ।

২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট বকেয়া ঋণের ৫৯ দশমিক ৬৯ শতাংশই ছিল খেলাপি।

গেল মাসে সঞ্চয়ের অর্থ ফেরত পেতে ন্যাশনাল ব্যাংকের চার আমানতকারী হাইকোর্টের দ্বারস্থ হন। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটি সর্বশেষ এ তারল্য সহায়তা পেল।

বাংলাদেশের পুরোনো বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি ন্যাশনাল ব্যাংক। তহবিলের সংকট ও খেলাপি ঋণের উচ্চ হারের কারণে এর আগেও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা পেয়েছে ব্যাংকটি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ ব্যাংক #ন্যাশনাল ব্যাংক #সোনালী ব্যাংক