শরতের মেঘমুক্ত আকাশে আবারও দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ধরা দিচ্ছে বরফে ঢাকা এই পর্বত। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারসংলগ্ন মহানন্দা নদীর তীর থেকে পর্বতশৃঙ্গটি সবচেয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।
প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোরের আলো ফুটতেই দূর দিগন্তে বরফে ঢাকা পাহাড়টি দেখতে জড়ো হন দর্শনার্থীরা। কেউ ক্যামেরায়, কেউবা মুঠোফোনে ধারণ করছেন এই মনোরম দৃশ্য।
কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটকদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি পর্যটকেরা ঘুরে দেখছেন মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ চা-বাগান ও সীমান্তবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। এতে তেঁতুলিয়ায় পর্যটকদের আনাগোনাও বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আবহাওয়া অনুকূলে ও আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে। তবে এই দৃশ্য উপভোগ করতে পর্যটকদের আসার আগে আকাশের অবস্থা খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন বলেন, শীত মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পঞ্চগড়ে বেড়াতে আসেন। তাদের অনেকেরই আগ্রহ থাকে কাঞ্চনজঙ্ঘা দেখার। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ//