রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কয়েক দিনের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাজারগুলোতে প্রতি কেজি আলু ৩০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা এবং শিম ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়শের কেজি ১০০ টাকা, টমেটো ১৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা ও চিচিঙ্গা ১০০ টাকা।
ফুলকপি ও বাঁধাকপির দামও বেশ চড়া। প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা। প্রতি পিস লাউ ৭০ থেকে ৮০ টাকা। চারটি কাঁচা কলার দাম ৪০ টাকা। শাকের মধ্যে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা ও পুঁইশাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও স্বস্তি নেই। বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে তুলনামূলক কম খরচে পরিবারের প্রোটিনের চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ছে।
মাছের বাজারেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।
গরুর মাংসের কেজি ৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা। মুরগির মধ্যে ব্রয়লার প্রতি কেজি ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা ও দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া গেল সপ্তাহে তুলনায় বেড়েছে চালের দাম। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছিল। একই সময়ে মিনিকেট চালের দামও কেজিতে এক থেকে দুই টাকা বাড়ানো হয়।
বর্তমানে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকা, সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের চাল ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানায়, পুরোনো নাজিরশাইল চালের মজুত কমে আসায় দাম বেড়েছে। নতুন মৌসুমের চাল বাজারে এলে দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া চালকলগুলো নাজিরশাইলের পাশাপাশি মিনিকেটের দামও বাড়িয়েছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো পণ্যের দাম সাময়িক কমলেও বেশিদিন সেই স্বস্তি থাকে না। কয়েক দিন কম দামে কেনার সুযোগ মিললেও অল্প সময়ের মধ্যে আবার দাম বেড়ে যায়।
এমন ঘন ঘন দ্রব্যমূল্যের পরিবর্তন মাসিক বাজেট সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।