নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। তিনি দাবি করেছেন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। একই সঙ্গে নিজেকে 'জুলাই যোদ্ধা' বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার দাবি , দীর্ঘদিন ধরে একটি মহল তাকে সামাজিকভাবে হেয় ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি জানান, অতীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং সরকারের সমালোচনা করায় একাধিকবার হামলার শিকার হয়েছেন। অথচ এখন তার বিরুদ্ধেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
হিরো আলম আরও বলেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা যদি প্রমাণ হাজির করতে ব্যর্থ হন, তাহলে তিনি নিজেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। একই সঙ্গে দৃঢ় কণ্ঠে বলেন, "আমি মৃত্যুকে ভয় পাই না। একজন হিরো আলম চলে গেলে কিছুই থেমে থাকবে না।"
আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন। তার প্রশ্ন, ঘটনার দুই বছর পর হঠাৎ করে কেন তার নাম সামনে আনা হলো।
এ সময় নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন হিরো আলম। তিনি বলেন, তার এমন একটি পোস্টও দেখানো যাবে না যেখানে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট চেয়েছেন বা প্রচারণা চালিয়েছেন। বরং সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই তার একমাত্র অবস্থান ছিল।