জাতীয়

বাঁধনের ওপর হামলা, সংসদে পদক্ষেপ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাঁধন পুলিশের কাছে ও দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী ও এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাঁধনের ওপর হামলার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হামলার ঘটনাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করে তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পার্কে হাঁটার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা কাপুরুষোচিত হামলা চালান।

তিনি বলেন, আজ সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন, উদ্বেগের কথা জানিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। যাতে ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেলে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা ও সহযোগিতা দিচ্ছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অভিনেত্রী বাঁধন পুলিশের কাছে ও দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বাংলাদেশ দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরবে। বাংলাদেশের নির্বাচিত সরকার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র প্রতিমন্ত্রী