রাজধানী

বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার বিটিসিএল অফিসের ভিতরে চোর সন্দেহে আনসার সদস্যদের পিটুনিতে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছেকর্তৃপক্ষের দাবি ওই যুবক চুরির উদ্দেশ্যে বিটিসিএল অফিসে ঢুকেছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল জানান, আজ সকালে তিনজন চুরির উদ্দেশ্যে তাদের অফিসে ঢুকে পড়েন। পরে আনসার সদস্যরা টের পেলে দুইজন দেওয়াল টপকে পালিয়ে গেলেও একজন পালাতে ব্যর্থ হন। আনসার সদস্যদের হাতে ওই যুবক আটক হন। পরে বেধড়ক পিটুনিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢামের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আনসার সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, বাহিনী কর্তৃপক্ষের পাওয়া তথ্য অনুযায়ী তা ভিত্তিহীন এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

 

তিনি জানান, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তেজগাঁও টি অ্যান্ড টি তার ভান্ডার এলাকায় কয়েকজন যুবক অনুপ্রবেশ করে। এ সময় দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার সদস্য শাহজামাল এক যুবককে চুরি করতে দেখে তাকে ধাওয়া করেন। পুরোনো টিনের চালের ওপর দিয়ে দৌড়ানোর একপর্যায়ে ওই যুবক চাল ভেঙে নিচে পড়ে যান।

পরবর্তীতে তাকে উদ্ধার করে বিটিসিএল সংস্থার স্টাফ মো. শওকত হোসেন আটক করেন। সংস্থার টেলিফোনিক নির্দেশে নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা তাকে আটক করতে সহযোগিতা করেন। যুবককে আনসার সদস্যরা ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন বা মারধর করেছেন এমন তথ্যেরও কোনো ভিত্তি নেই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিটিসিএল