শুধু ট্রফি জেতাই নয়, কখনো কখনো ফুটবল এমন কিছু গল্পও জন্ম দেয়, যা মাঠের ৯০ মিনিট পেরিয়েও দীর্ঘদিন বেঁচে থাকে। ২০২৬ বিশ্বকাপ জয়ের পর স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার গল্পও তেমনই। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মধ্যেই তিনি পূরণ করলেন নিজের দেওয়া একটি বিশেষ প্রতিশ্রুতি—জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের ছবি স্থায়ীভাবে জায়গা করে নিল তার শরীরে।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। সেই ঐতিহাসিক জয়ের পরই নতুন ট্যাটু করিয়েছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। বিশ্বকাপের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, স্পেন শিরোপা জিততে পারলে কোচ দে লা ফুয়েন্তেকে সম্মান জানিয়ে একটি ট্যাটু আঁকাবেন। বিশ্বজয়ের সঙ্গে সঙ্গেই সেই অঙ্গীকার বাস্তবে রূপ দিলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটু করার পুরো প্রক্রিয়া এবং চূড়ান্ত নকশার ছবি প্রকাশ করেছেন কুকুরেয়া। তার ডান হাতের বাহুতে আঁকা ট্যাটুতে দেখা যায়, বিশ্বকাপের ট্রফি হাতে উচ্ছ্বাসে মেতে আছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। পেছনে স্থান পেয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো। ছবির ক্যাপশনে মাত্র তিনটি শব্দ—‘প্রতিশ্রুতি রক্ষা করলাম।’

স্পেনের সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ কুকুরেয়া। ইউরো ২০২৪ জয়ের পর ২০২৬ বিশ্বকাপেও দলের রক্ষণভাগে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দুই বছরের ব্যবধানে ইউরোপ ও বিশ্বের সেরার মুকুট জয়ের অভিযানে তিনি ছিলেন কোচ দে লা ফুয়েন্তের অন্যতম নির্ভরযোগ্য সৈনিক।
এদিকে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ক্যারিয়ারেও এসেছে বড় পরিবর্তন। সম্প্রতি প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ছেড়ে ৫ কোটি ১০ লাখ পাউন্ডের ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই স্প্যানিশ তারকা। মাঠে নতুন অধ্যায় শুরু করার আগে নিজের শরীরে চিরস্থায়ী করে রাখলেন বিশ্বজয় আর সেই যাত্রার পথপ্রদর্শকের স্মৃতি।
এসি//