আন্তর্জাতিক

টয়লেট সংকটে মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আকাশপথে হাজার হাজার ফুট ওপরে ছুটে চলেছে বিমান। গন্তব্য যুক্তরাষ্ট্রের ডালাস। কিন্তু হঠাৎ দেখা দিল এমন এক সমস্যা, যা সাধারণত বড় কোনো জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচিত না হলেও দীর্ঘ যাত্রায় যাত্রীদের জন্য বড় ভোগান্তির কারণ হতে পারে। বিমানের আটটি টয়লেটের মধ্যে একে একে ছয়টিই অচল হয়ে পড়ে। শেষ পর্যন্ত গন্তব্যে না গিয়ে বিমানটিকে ঘুরিয়ে নেয়া হয় নিউইয়র্কে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে স্পেনের মাদ্রিদ থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে আমেরিকান এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি। এতে ২৮৭ জন যাত্রী ও ক্রু ছিলেন। মাদ্রিদ থেকে ডালাসে পৌঁছাতে সাধারণত ১০ ঘণ্টারও বেশি সময় লাগে।

যাত্রাপথে বিমানের কর্মীরা দেখতে পান, আটটি টয়লেটের মধ্যে মাত্র দুটি সচল রয়েছে। বিষয়টি বিমান নিয়ন্ত্রণকক্ষকে জানান পাইলট। পরে নিয়ন্ত্রণকক্ষ থেকেও বিমানের টয়লেট ব্যবস্থার সমস্যাটি নিশ্চিত করা হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত সংখ্যক সচল টয়লেট না থাকায় বিমানটিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তখনও বিমানে চার ঘণ্টার বেশি সময় চলার মতো জ্বালানি ছিল। ফলে স্বাভাবিক অবতরণের তুলনায় উড়োজাহাজটির ওজন ছিল বেশি। অতিরিক্ত ওজন নিয়ে অবতরণ করলে ব্রেক অতিরিক্ত গরম হয়ে যাওয়াসহ নানা ধরনের কারিগরি সমস্যা দেখা দিতে পারে।

এই পরিস্থিতিতে পাইলট ‘প্যান-প্যান’ সংকেত পাঠান। আন্তর্জাতিক বিমান চলাচলে এমন পরিস্থিতিতে এই সংকেত ব্যবহার করা হয়, যখন কোনো সমস্যার জন্য তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন হলেও সেটিকে জীবনহানির আশঙ্কাসহ চরম জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয় না।

পরে বিমানটি নিরাপদেই নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তিন ঘণ্টারও বেশি সময় অবস্থানের পর আবার ডালাসের উদ্দেশে যাত্রা শুরু করে। বিমানটির গতিপথ পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য থেকে এ ঘটনার বিষয়টি জানা গেছে।

ঘটনাটি নিয়ে আমেরিকান এয়ারলাইনসের কাছে মন্তব্য চাওয়া হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উড়োজাহাজের টয়লেট ব্যবস্থা বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরের কাঠামো বেশ জটিল।

বিশেষজ্ঞরা জানান, বায়ুচাপের সাহায্যে এসব টয়লেট কাজ করে। পাইপে কোনো বস্তু আটকে গেলে কিংবা যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পুরো ব্যবস্থাই অচল হয়ে যেতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক এক প্রকৌশলী জানিয়েছেন, উড়োজাহাজের টয়লেটের পাইপ সাধারণত বেশ সরু। ফলে সেখানে বিভিন্ন ধরনের বস্তু আটকে যাওয়ার ঝুঁকি থাকে। যাত্রীদের ফেলে দেওয়া বিভিন্ন জিনিসের পাশাপাশি চামচ বা কোমল পানীয়ের ক্যানও পাইপে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ ধরনের ত্রুটি ঠিক করাও সব সময় সহজ নয়। কোথায় সমস্যা তৈরি হয়েছে তা শনাক্ত করতে বিমানের একাধিক পাইপ খুলে পরীক্ষা করতে হতে পারে। ফলে কোনো কোনো ক্ষেত্রে টয়লেটের এই ধরনের ত্রুটি মেরামত করতে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।

সূত্র: সিএনএন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #টয়লেট #অচল #ভোগান্তি