অর্থনীতি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে চীনের শ্যানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক এবং একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের বিদ্যমান আর্থিক জটিলতা নিরসন করে দ্রুত নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে সেতু বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই)-এর শেয়ার হস্তান্তর-সংক্রান্ত আইনি জটিলতা নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে সালিশি কার্যক্রম (আরবিট্রেশন) চলছে। এ কারণে গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রকল্পে অর্থায়নকারী চীনের দুটি ব্যাংকের ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে। তবে এ সময়েও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে প্রকল্পের নির্মাণকাজ অব্যাহত রেখেছে।

এ পরিস্থিতিতে গত ২৯ জুলাই সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের শ্যানডং প্রদেশের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বৈঠকে প্রকল্পের বিকল্প অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সেতু সচিব বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক অংশ চালুর পর প্রত্যাশার তুলনায় বেশি যানবাহন চলাচল করছে। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে প্রকল্পে বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী এ এইচ এম এস আকতার এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে #চীন