দেশজুড়ে

জাতীয় পরিচয়পত্র করে দেয়ার কথা বলে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ

অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় জাতীয় পরিচয়পত্র করে দেয়ার কথা বলে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি (২২) চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (০১ আগস্ট) রাত ৯টার দিকে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাব্বিকে আটক করে পুলিশ। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তোভোগী মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশী মামাতো ভাই চৌগাছা সরকারি কলেজের ছাত্র আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হয়। শনিবার সরকারি ছুটিতে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে যায়।

পরে মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের রিবিলিপাড়ার বাসিন্দা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

এর প্রেক্ষিতে সন্ধ্যায় ভুক্তভোগী তার মাকে নিয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার পুলিশ আরাফাত হোসেন রাব্বিকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির পরিবার লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছ। তাকে যশোর আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #যশোর #ধর্ষণ