বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান দেশে ফেরার ক্ষেত্রে বর্তমান সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই দাবি নাকচ করে দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সাকিব যাতে দেশে ফিরে খেলতে পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে শুরু থেকেই নমনীয় মনোভাব দেখানো হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আর নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, অসহযোগিতার কোনো প্রশ্নই আসে না। সাকিবের বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করার জন্য আমি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, যাতে আইনি প্রক্রিয়াগুলো সহজ রাখা হয়। কিন্তু তিনি তো দেশে ফিরে আইনি লড়ায়ের মুখোমুখি হননি।
তবে বর্তমানে রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনও সুযোগ নেই বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তার মতে, যেহেতু তিনি একটি নির্দিষ্ট স্বৈরাচারী শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন, তাই তার ফেরার আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে আমরা তাকে নিয়ে নমনীয়ভাবে ভাবলেও, বর্তমানে সেই নমনীয়তা দেখানোর উপায় নেই। এখন দেশে ফিরলে তাকে আইনগতভাবেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আর/আই