আন্তর্জাতিক

হরমুজ নিয়ে ইতিবাচক আলোচনা, চুক্তি হলেও দ্রুত খুলবে না: ওমান

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে। তবে সম্ভাব্য কোনো চুক্তি হলেও গুরুত্বপূর্ণ এই নৌপথটি তাৎক্ষণিকভাবে পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান।

রোববার (০৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে চুক্তি চূড়ান্ত করার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মাসকাট।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি কয়েকটি শর্ত পূরণের ওপর নির্ভর করছে।

ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ বাকের জোলকাদর জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। তার দাবি, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি বন্ধ, দেশটির বন্দরগুলো থেকে নৌ অবরোধ প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়াসহ ছয়টি শর্ত পূরণ করতে হবে।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আলোচনায় অগ্রগতি হলেও এখনো অনেক বিষয় নিষ্পত্তি করা বাকি। জাহাজগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য একটি কার্যকর ‘ট্রাফিক স্কিম’ তৈরির বিষয়টি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ প্রণালি #ইরান #যুক্তরাষ্ট্র