কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৯ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, পরিদর্শনকালে এসব মেগাপ্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন প্রকল্পগুলোর বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন তিনি।
মহেশখালীর কর্মসূচি শেষে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর সাড়ে ১২টার দিকে বাহারছারার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করার কথা রয়েছে।
এরপর দুপুর ২টার দিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদরাসায় গিয়ে আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পথে বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী ডাকবাংলোয় কিছু সময় যাত্রাবিরতিও নেওয়ার কথা রয়েছে।
পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এমএ//