আন্তর্জাতিক

ভারতে ঘৃণাজনিত কারণে গত তিন মাসে অন্তত ২৫ মুসলিম নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ ব্যাপক আকার ধারণ করেছে। সর্বশেষ তিন মাসে অন্তত ২৫ জন মুসলিম নিহত হয়েছেন। একই সময়ে মুসলিমদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ভাঙচুর এবং দেশ থেকে জোরপূর্বক বিতাড়নের ঘটনাও ঘটেছে

সম্প্রতি, দক্ষিণ এশিয়াবিষয়ক মানবাধিকার সংগঠন সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন পরিচালিত ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’–এর এক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, তিন মাসে সহিংসতার শিকার হয়ে নিহত ২৫ জনের মধ্যে ১৫  জনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মৃত্যু বরন করেন। বাকি ১০ জনকে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও উগ্রবাদীরা। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ বছরের এক শিশু এবং ১৬ বছরের এক কিশোরও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই নিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে ঘৃণাজনিত সহিংসতার ঘটনায় মোট ৪৪ জন মুসলিম নিহত হয়েছে। এর মধ্যে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বা হেফাজতে এবং ২৫ জন উগ্রবাদী গোষ্ঠীর হামলায় মারা যান।

সংস্থাটি জানায়, উত্তর প্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে ভুয়া পুলিশি বন্দুকযুদ্ধ, হেফাজতে নির্যাতন ও উচ্ছেদ অভিযান আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশের ছয়টি রাজ্যে দুই মাসেরও কম সময়ে অন্তত ২৩টি মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়াও অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে ১ হাজারের বেশি মুসলিম পরিবার নিজেদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান হারিয়েছে।

অন্যদিকে আসামে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্ত দিয়ে পুশব্যাক প্রক্রিয়া চলছে। রাজনৈতিক নেতাদের ক্রমাগত মেরুকরণ সৃষ্টিকারী ও উসকানিমূলক বক্তব্য এই সহিংস পরিস্থিতিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #মুসলিম হত্যা