বিদেশি ভাষা শেখার আগ্রহী বাংলাদেশিদের জন্য আবারও বিনামূল্যে রুশ ভাষা শেখার সুযোগ তৈরি হয়েছে। দ্বিতীয়বারের মতো এ উদ্যোগ নিয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর ওপেন এডুকেশন এবং সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় দুই মাসব্যাপী এই ভাষা শিক্ষা কার্যক্রম আয়োজন করা হচ্ছে।
শুধু স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই নন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রুশ ভাষা ও সংস্কৃতিতে আগ্রহী সাধারণ মানুষও কোর্সটিতে অংশ নিতে পারবেন। সবচেয়ে বড় বিষয়, এর জন্য কোনো ধরনের কোর্স ফি দিতে হবে না।
সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি ও রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ভাষা শিক্ষা কার্যক্রমের কাঠামো অনুসরণ করে পরিচালিত হবে কোর্সটির পাঠদান। নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে কোর্স শেষ করা অংশগ্রহণকারীদের দেওয়া হবে সনদ।
রুশ ভাষার প্রাথমিক জ্ঞান শুধু একটি নতুন ভাষা শেখার অভিজ্ঞতাই নয়, বরং রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনাও উন্মুক্ত করতে পারে। একই সঙ্গে একাডেমিক বিনিময় ও পেশাগত ক্ষেত্রেও এটি কাজে আসতে পারে। রুশ ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও যোগাযোগ সম্পর্কে জানার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।

বিশ্ববিদ্যালয়টির এ উদ্যোগ বিদেশি ভাষা শিক্ষার পরিসর বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করছে। বিশেষ করে রাশিয়ায় উচ্চশিক্ষা, গবেষণা কিংবা একাডেমিক কার্যক্রমে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কোর্সটি হতে পারে একটি কার্যকর প্রাথমিক প্রস্তুতি।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার করা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক সম্পৃক্ততার সুযোগ বাড়ানো তাদের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা ও একাডেমিক যোগাযোগ আরও বিস্তৃত হবে বলেও আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদেশি ভাষা শিক্ষাকে গতানুগতিক শ্রেণিকক্ষের গণ্ডির বাইরে নিয়ে যাওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে এর আগেও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
দ্বিতীয়বারের মতো রুশ ভাষা কোর্স আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগের নতুন ক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করছে এই আয়োজন।
এসি//