স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করার জন্য আরও সময় লাগবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘ আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও প্রশংসনীয় হয়েছে। আমরা আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং শুরু করা অনেক কর্মসূচি প্রশংসিত হয়েছে।’
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলসহ বিশ্বজুড়ে সংকট তৈরি হয়েছিল। কিন্তু আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত কোনও জ্বালানি তেল বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। মাঝেমধ্যে বিভিন্নভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা বিভিন্ন রকম স্বাভাবিক সমস্যা হয়।
তিনি আরও বলেন, গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ‘‘ফ্যাসিবাদী’’ সরকারের সময় সৃষ্টি হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অফশোর-অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারবো।
বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি গড়ার চেষ্টা চলছে জাতিসংঘের এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখনও প্রতিবেদনটি পড়িনি। আমি শুনেছি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।’
বিষয়টি সরকার আমলে নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনও পড়িনি। এ ছাড়া আমি যতটুকু পত্রিকান্তরে শুনেছি, সেখানে বলা হয়েছে যে তারা এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। অনুমান নিয়ে কোনও রিপোর্টের ওপর আমরা অ্যাকশন নিতে পারি না।’
আই/এ