দেশজুড়ে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ পলাতক

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত এসকেন প্রামাণিক (৬৫) পলাতক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সদস্যরা কিশোরীকে বাড়ির বাইরে যেতে দিতেন না। তাকে একটি মোবাইল ফোন দেওয়া হয়েছিল, যাতে সে বাড়িতে থেকেই সময় কাটাতে পারে। ঘটনার দিন মোবাইলের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়ায় পরিবারের অগোচরে কিশোরী বাড়ির বাইরে বের হয়।

এ সময় অভিযুক্ত এসকেন প্রামাণিক তাকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর বাবা বলেন, তাঁর মেয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সদস্যরা তাকে সবসময় নজরদারিতে রাখেন। তবে সবসময় নজরে রাখা সম্ভব হয় না। বাড়ির ওয়াই-ফাই সংযোগ বন্ধ থাকায় ঘটনার দিন সকালে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে স্থানীয়দের ডাকাডাকির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

এদিকে, অভিযুক্ত পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ওসি আশাদুর রহমান বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত এসকেন প্রামাণিক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ধর্ষণ #পাবনা