দেশজুড়ে

কলকাতায় হোটেলে আগুন:

স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত

বায়ান্ন প্রতিবেদন

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী নিহত হয়েছেন। নিহত দেবাশীষ দত্তের বয়স ৪০ বছর, স্ত্রী আফসানা শারমীনের ২৫ বছর এবং শ্বশুর আকরাম আলীর বয়স ৬৪ বছর।

দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের পক্ষ থেকে দেবাশীষসহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসার জন্য পরিবারটি ভারতে গিয়েছিল। প্রথমে তারা চেন্নাইয়ে অবস্থান করেন। পরে কলকাতায় যান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেটসংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় থাকা হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সময় হোটেলের ভেতরে অবস্থান করছিলেন দেবাশীষ ও তার পরিবারের সদস্যরা।

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে গত ৩ আগস্ট দেবাশীষ ভারতে যান।

সাংবাদিক দেবাশীষের বন্ধু তৌহিদী হাসান জানান, গত ৩ আগস্ট পরিবার নিয়ে চিকিৎসার জন্য চেন্নাই যান দেবাশীষ। সোমবার রাতে তারা আকাশপথে চেন্নাই থেকে কলকাতায় পৌঁছান। বুধবারই তাদের কুষ্টিয়ায় ফেরার কথা ছিল।

এদিকে দেবাশীষের মৃত্যুর খবরে কুষ্টিয়ায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়জনদের হারিয়ে শোকাহত পরিবারের সদস্যরা। দেবাশীষের আট বছর বয়সী মেয়েসহ তার বাবা-মা এই ঘটনায় গভীরভাবে ভেঙে পড়েছেন।

 

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলেও শোকের আবহ তৈরি হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #কলকাতা #হোটেল অগ্নিকাণ্ড #কুষ্টিয়া