রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনও লিখিত অভিযোগ আসেনি। চীনা দূতাবাস কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তরকে বিষয়টি জানিয়েছে। পুলিশ সদর দফতরের মাধ্যমে কাউন্টার টেরোরিজম বিষয়টি তদন্ত করছে।’
এডিসি আবু খায়ের বলেন, ‘আমরা বিষয়টি জানার পর আগের চেয়ে নিরাপত্তা বাড়িয়েছি। বিশেষ করে চেকপোস্ট, টহল এবং দূতাবাসের সামনে নজরদারি; এগুলো বাড়ানো হয়েছে। পাশাপাশি আমাদের যে কুইক রেসপন্স টিম রয়েছে, সেগুলোও প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুরো কূটনৈতিক এলাকায় যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর কারা হুমকি দিল, কেন দিল, কোন কোন দূতাবাস এই হুমকি পেয়েছে—তা কিছুই আমরা জানি না বা আমাদের লিখিতভাবে কোনও কিছু জানানো হয়নি। ঘটনাটি শোনার পর আমরা আরও এলার্ট হয়েছি।’
এর আগে কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইল পাঠিয়ে হুমকি দেয় একটি গোষ্ঠী।
আই/এ