জাতীয়

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো অপরাধ সংঘটনের পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়নি বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের ছয় মাসের মেয়াদ শেষ হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। এটিকে বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

রামিসা হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে এসব মামলার বিচার এগিয়ে নেওয়া হয়েছে। এত স্বল্প সময়ে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয়।

তিনি আরও বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।

পুলিশ বাহিনীকে আরও সুশৃঙ্খল ও কার্যকর বাহিনীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে প্রয়োজনীয়ভাবে প্রস্তুত করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রংপুর #স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ