ইরানের বিভিন্ন আদালতে দণ্ডিত ২ হাজার ৫৭৭ জন কারাবন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেইর সুপারিশের পর এই অনুমোদন দেওয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলিমদের ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে এই সাধারণ ক্ষমার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানে হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিকের জন্মবার্ষিকী পালন করা হয়। চলতি বছর ৩০ আগস্ট দিনটি পালিত হয়েছে।
ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে দণ্ডিত ব্যক্তিদের সাজা মওকুফ বা কমানোর ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে।
তবে এই সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক পাচার, সশস্ত্র ডাকাতি, অস্ত্র চোরাচালান, অপহরণ, ঘুষ ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধে দণ্ডিতরা এই সুবিধার আওতায় থাকবেন না।
এমএ//