রেলপথে জট ও কয়লা পরিবহনে বিধিনিষেধের প্রভাবে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
বুধবার (২ সেপ্টেম্বর) কম বিদ্যুৎ সরবরাহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক বিবৃতিতে আদানি পাওয়ার এ দাবি করে।
প্রতিষ্ঠানটি বিবৃতিতে বলেছে, রেলপথে তীব্র জট এবং পরিবহন নেটওয়ার্কে একাধিক বিধিনিষেধের কারণে গড্ডা বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত কয়লাবাহী রেকের চলাচল ব্যাহত হচ্ছে। রেক হলো রেলের সঙ্গে যুক্ত একাধিক মালবাহী ওয়াগনের বহর।
আদানি পাওয়ার বলছে, স্বাভাবিক হারে কয়লাবাহী রেক পাওয়া নিশ্চিত করতে তারা ভারতের রেলপথ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তারা আশা করছে।
পরিস্থিতি সামাল দিতে দিনের কম চাহিদার সময়ে উৎপাদন কমিয়ে তারা সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময়ে বেশি বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) জানানো হয়েছে বলেও বিবৃতিতে লিখেছে আদানি পাওয়ার।
এর আগে আজ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গড্ডা কেন্দ্র থেকে দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। চুক্তি অনুযায়ী পুরো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিটও রক্ষণাবেক্ষণে রয়েছে। এসব কেন্দ্র দ্রুত উৎপাদনে ফেরানো এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা গেলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।
আই/এ