সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুল মমিন ওরফে ‘বড় গ্যদা’ (৩০) নামে এক হাজতি আসামি পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
পলাতক আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার সফর শেখের ছেলে। একটি চুরি মামলায় তিনি কারাগারে আটক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা কারাগার থেকে বিভিন্ন মামলার কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টার দিকে হাজতখানার দ্বিতীয় তলায় থাকা মমিন হঠাৎ নিচে লাফ দেন। এরপর দৌড়ে আদালত চত্বরের সীমানাপ্রাচীরের দিকে চলে যান। পুলিশ সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলেও তিনি প্রাচীর টপকে পালিয়ে যান।
আদালতে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দ্বিতীয় তলা থেকে লাফ দেওয়ার পর মমিন দ্রুত আদালত চত্বরের দিকে দৌড় দেন। পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে নিচে নামার আগেই তিনি সীমানাপ্রাচীরের কাছে পৌঁছে যান। পরে দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হন।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবীর কর্নেল বলেন, সকালে আদালতে এসে তিনি হাজতখানা থেকে এক আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মমিনের ভাই কিসমত আলী দাবি করেন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার ভাইয়ের বিরুদ্ধে। প্রায় ২০ থেকে ২২ দিন আগে রাতে মমিন একটি বাড়ির বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে দেন। ওই ঘটনায় করা চুরির মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
কিসমত আলী আরও জানান, ২০২৩ সালে কোবদাসপাড়া মহল্লায় ইউসুফ নামে এক যুবক হত্যার মামলায়ও মমিন এজাহারভুক্ত আসামি। ওই মামলায় কিছুদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হন তিনি। এরপর আবারও চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি।
আসামি আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএ//