নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ সময় বাধা দিতে গিয়ে নিহত আব্দুল বাছেদ মিয়ার (৬৫) স্ত্রী ও আর এক ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছেন। পাচ মাস আগে জামিনে কারামুক্ত হয় অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতেও বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। রাত সাড়ে ৩টার দিকে ওই ঘর থেকে শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে অন্ধকার ঘরে গিয়ে দেখা যায়,ছেলে বাবাকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র ও কুড়াল দিয়ে তাকে কুপিয়ে জখম করছে। এ সময় নিহতের স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে রাশেদ শাকিলকে বাধা দিতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। এতে তারা আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে হাফসা বেগম বলেন, ‘আমরা তার মৃত্যুদণ্ড চাই। তা না পারলে আমাদের কাছে দেন, আমরা বিচার করব। আমার বাবারে মাইরা ফেলছে। সে আমাদের সবাইকে মারতে চায়। আমরা ভয়ে আছি। আমরা তার ফাঁসি চাই’।
ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ছেলের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। পাঁচ মাস আগে সে জামিনে বের হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
আই/এ