রাজধানীর বাড্ডা থানার উত্তর নন্দীপাড়া মৌজায় প্রায় ২১ কোটি টাকা মূল্যের ০.১৪৫৯ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে জমিটি অবৈধ দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন।
শুক্রবার ঢাকা জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা জমিটি ইস্টার্ন হাউজিং লিমিটেডের আফতাব নগর প্রকল্প এলাকায় কোম্পানির তৈরি লে-আউট প্ল্যান অনুযায়ী ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কে অবস্থিত।
ঢাকা জেলা প্রশাসন জানায়, জমিটি উত্তর নন্দীপাড়া মৌজার সিটি ১ নম্বর খতিয়ানভুক্ত এবং সিটি ১৭১৮ নম্বর দাগের অন্তর্ভুক্ত। ০.১৪৫৯ একর বা প্রায় ১৪ দশমিক ৬ শতাংশ জমিটির বর্তমান আনুমানিক বাজারমূল্য ২১ কোটি টাকা।
অভিযান শেষে জমিতে সরকারি মালিকানা উল্লেখ করে অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ দখল থেকে জমিটি পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
এমএ//