আন্তর্জাতিক

সানা পুনর্দখলের ঘোষণা ইয়েমেনি বাহিনীর, হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। এক দশকের বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা পুনর্দখল করাই এ অভিযানের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার (0৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইয়েমেনের উপপ্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি বলেন, ‘সানা পুনর্দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এরপর আল-বায়দা ও আল-জাওফ প্রদেশে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। সানার দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আল-জাওফকে গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে বিবেচনা করা হয়। হুতিরা দাবি করেছে, আল-জাওফের আল-হাজম এলাকায় একটি কারাগারে হামলায় সাতজন নিহত হয়েছেন।

চলমান সংঘাতে ইতোমধ্যে শত শত মানুষ হতাহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে প্রায় ৯০০ মানুষ নিহত বা আহত হয়েছেন। হতাহতদের বেশির ভাগই তায়েজ ও দেশটির পশ্চিম উপকূলীয় এলাকার বাসিন্দা। শুধু তায়েজেই প্রায় ২১ হাজার মানুষ, অর্থাৎ আনুমানিক ৩ হাজার পরিবার, বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি সোমবার দাবি করেন, আল-জাওফ, আল-বায়দা, তায়েজ ও হোদেইদাহে সরকারি বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা এবং পুরো ইয়েমেনে সরকারের কর্তৃত্ব ফিরিয়ে না আনা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।

সরকারপন্থি বাহিনীর মুখপাত্র মাজিদ আল-নুজাইলি বলেন, হুতিদের নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানাকে সব ইয়েমেনির রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠাই অভিযানের মূল লক্ষ্য। একই সঙ্গে সানার সঙ্গে মারিব ও আল-জাওফের সংযোগকারী কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলতে সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ইয়েমেনে বড় ধরনের সামরিক উত্তেজনার অন্যতম ঘটনা। ২০১৪ সালে হুতিরা সানা দখল করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরের বছর হুতিদের ঠেকাতে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইয়েমেন #সানা #হুতি