নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি প্রতিষ্ঠান ক্লেভারক্রিয়েটর ডট এআইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এআই কনফারেন্স অ্যান্ড ওয়ার্কশপ ২০২৬’। গেল ৩০ আগস্ট জামাইকায় আয়োজিত এ সম্মেলনে শিশু, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমীসহ অনেকে অংশ নেন।
আয়োজনে শিক্ষা, ব্যবসা, সৃজনশীলতা ও দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিশুদের সরাসরি এআই ব্যবহারের লাইভ ডেমোনস্ট্রেশনও ছিল অন্যতম আকর্ষণ।
সম্মেলনে, কীভাবে এআইকে শিশুদের পড়াশোনার সহায়ক হিসেবে ব্যবহার করা যায় তা বিশেষভাবে তুলে ধরা হয়। লাইভ প্রদর্শনীতে শিশুরা টিউটরমিগো এআই ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা, বিষয় বুঝে নেওয়া, কুইজ দেওয়া এবং অনুশীলনের পদ্ধতি দেখায়। এআইয়ের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে শেখার একটি ইন্টার্যাকটিভ পদ্ধতিও এতে তুলে ধরা হয়।
ক্লেভারক্রিয়েটর ডট এআই নিজেদের একটি এআই ইকোসিস্টেম হিসেবে উপস্থাপন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান দুটি পণ্য হলো টিউটরমিগো এআই ও চ্যাটারমেট এআই। সম্মেলনে এসব প্ল্যাটফর্মের ব্যবহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ভূঁইয়া।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, টিউটরমিগো ও চ্যাটারমেট ব্যবহারের জন্য গ্রোথ সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ১৯ দশমিক ৯৯ ডলার। এ সাবস্ক্রিপশনে টিউটরমিগোর মাধ্যমে সর্বোচ্চ তিনজন শিশুকে এক বছর পর্যন্ত বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ দেওয়া হচ্ছে।
টিউটরমিগো এআইকে শিক্ষার্থীর শেখার ধরন ও প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে সক্ষম একটি অ্যাডাপটিভ এআই টিউটর হিসেবে তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর, কুইজ ও অনুশীলনের সুবিধা রয়েছে। সন্তানের শেখার কার্যক্রম ও অগ্রগতি পর্যবেক্ষণের জন্য অভিভাবকদের জন্য আলাদা ড্যাশবোর্ডও রাখা হয়েছে।
শুধু শিশুদের জন্য নয়, প্রাপ্তবয়স্করাও টিউটরমিগো ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থী মোডে গিয়ে IELTS, TOEFL, GRE ও GMATসহ বিভিন্ন পরীক্ষা এবং চাকরির পরীক্ষার প্রস্তুতিও নেওয়া যাবে।
আরও সুবিধা পেতে প্রো সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ৪৯ দশমিক ৯৯ ডলার। বার্ষিক প্যাকেজে রয়েছে আলাদা মূল্য ও ছাড়ের ব্যবস্থা।
অন্যদিকে, চ্যাটারমেট এআইকে মাল্টি-মডেল এআই প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে। এতে একাধিক এআই মডেল ব্যবহার করে একই কাজের বিভিন্ন উত্তর তুলনা করার সুযোগ রয়েছে। প্ল্যাটফর্মটিতে ওপেনএআই, ক্লড, জেমিনি ও গ্রকসহ বিভিন্ন এআই মডেল ব্যবহারের সুবিধা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ডকুমেন্টভিত্তিক এআই, স্মার্ট মডেল রাউটিং ও বিভিন্ন প্রোডাক্টিভিটি টুলও এতে যুক্ত করা হয়েছে।
চ্যাটারমেটের মূল ধারণা হলো, নির্দিষ্ট একটি এআই মডেলের ওপর নির্ভর না করে কাজের ধরন অনুযায়ী একাধিক মডেল ব্যবহার করা।
ভবিষ্যতে টিউটরমিগো ও চ্যাটারমেটের পাশাপাশি আরও এআইভিত্তিক পণ্য তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে ক্লেভারক্রিয়েটর ডট এআই। এর মধ্যে ‘ফোর্জ আইডিই’ নামে একটি নতুন এআইভিত্তিক পণ্য তৈরির পরিকল্পনাও রয়েছে।
সম্মেলনে শিশুদের সক্রিয় অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। তারা শুধু দর্শক হিসেবে উপস্থিত ছিল না, বরং নিজেরাই এআই ব্যবহার করে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। এর মাধ্যমে শিশুদের শেখার প্রক্রিয়ায় এআই কীভাবে ব্যবহার করা যেতে পারে, তার একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়।
ক্লেভারক্রিয়েটর ডট এআই জানিয়েছে, শিক্ষা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে ব্যবসা ও দৈনন্দিন কাজ—বিভিন্ন ক্ষেত্রে এআইকে সহজ ও ব্যবহারিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতে আরও নতুন পণ্য নিয়ে কাজ করবে তারা।
এমএ//