প্রবাস

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রাব্বী সৈয়দের ১০ দফা ইশতেহার ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ ১০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এতে সদস্যদের অধিকার নিশ্চিত করা, সংগঠনের আর্থিক স্বচ্ছতা বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবার পরিধি সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইশতেহারে বাংলাদেশ সোসাইটিকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছেন রাব্বী সৈয়দ।

ইশতেহার অনুযায়ী, সদস্য নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়ন, ভোটার তালিকার ত্রুটি দূর করা এবং সংগঠনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে চান রাব্বী সৈয়দ। পাশাপাশি আয়-ব্যয়ের হিসাবসহ আর্থিক কর্মকাণ্ডে জবাবদিহি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

প্রবাসীদের জন্য নিজস্ব কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং সোসাইটির কার্যালয়ের ভাড়াসংক্রান্ত সমস্যা সমাধানের পরিকল্পনা রয়েছে তার। সদস্যদের সেবা সহজ করতে সমন্বিত সেবাকেন্দ্র ও ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র চালুর কথাও বলেছেন তিনি।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ২৪ ঘণ্টার গ্রাহকসেবা চালুর পরিকল্পনা রয়েছে ইশতেহারে। এর মাধ্যমে অভিবাসন, আইনি জটিলতা ও কনস্যুলার সেবা বিষয়ে প্রবাসীদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের জন্য নিউইয়র্কের পাঁচটি বরো থেকে মেধার ভিত্তিতে ১৫ জনকে বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রাব্বী সৈয়দ। পাশাপাশি ধর্মীয় রীতি অনুযায়ী দাফন ও শেষকৃত্যের ব্যবস্থা এবং মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।

ইশতেহারে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো, কর্মসংস্থানে সহায়তা এবং বিভিন্ন পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উপকমিটির মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব বণ্টনের পরিকল্পনা জানিয়েছেন এই প্রার্থী।

প্রবাসীদের দৈনন্দিন সমস্যা সমাধান, সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা এবং তরুণদের সম্পৃক্ত করাকে নিজের পরিকল্পনার অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন রাব্বী সৈয়দ। নির্বাচনি প্রচারণার পোস্টারে তার ব্যালট নম্বর সি-৪ উল্লেখ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #বাংলাদেশ সোসাইটি