আন্তর্জাতিক

মোদিবিরোধী মন্তব্যের মামলায় বোম্বে হাইকোর্টে রাহুল গান্ধীর আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল আবেদন খারিজ করে দিয়েছেন বোম্বে হাইকোর্ট। তবে নিম্ন আদালতের কার্যক্রম ছয় সপ্তাহের জন্য স্থগিত রাখার সুযোগ পেয়েছেন তিনি। এই সময়ের মধ্যে চাইলে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন রাহুল।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিচারপতি এন আর বোরকরের একক বেঞ্চ রাহুলের আবেদন খারিজ করেন। আদালত জানায়, রাহুলকে সমন জারির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে এমন কোনো স্পষ্ট ত্রুটি বা গুরুতর অনিয়ম পাওয়া যায়নি, যার ভিত্তিতে সেটি বাতিল করা যায়।

মামলাটি ২০১৮ সালে রাজস্থানে রাহুল গান্ধীর একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। অভিযোগকারী বিজেপি নেতা মাহেশ শ্রীশ্রিমল দাবি করেন, ওই সমাবেশে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চোরের সর্দার’ ও ‘চোরদের কমান্ডার’ ধরনের মন্তব্য করেছিলেন। এতে শুধু মোদির নয়, বিজেপির সদস্যদেরও সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এরপর ২০১৯ সালের আগস্টে মুম্বাইয়ের একটি ম্যাজিস্ট্রেট আদালত রাহুলের বিরুদ্ধে সমন জারি করেন। সেই সমন বাতিল চেয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

রাহুলের আইনজীবীদের যুক্তি ছিল, তার মন্তব্যে বিজেপি বা দলটির সদস্যদের সরাসরি উল্লেখ করা হয়নি। ফলে একজন বিজেপি কর্মী নিজেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি দাবি করে মানহানির মামলা করতে পারেন না।

তবে বোম্বে হাইকোর্ট এই যুক্তি গ্রহণ করেনি। আদালত বলেছে, বিজেপি একটি নিবন্ধিত জাতীয় রাজনৈতিক দল হওয়ায় এটি একটি নির্দিষ্ট ও শনাক্তযোগ্য গোষ্ঠী। অভিযোগে করা মন্তব্যের প্রকৃত প্রভাব কী এবং তা দলটির সদস্যদের মানহানি করেছে কি না, সেটি মামলার শুনানিতেই নির্ধারণ করা হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #নরেন্দ্র মোদি #রাহুল গান্ধী