অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ বসতিগুলো থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। এ তালিকায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো দেশও রয়েছে। একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে সমর্থনের ঘোষণা দিয়েছে কয়েকটি দেশ।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইন অনুসরণ করে তারা নিজ নিজ দেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবেন। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাতেও সমর্থন দেওয়া হবে। কয়েকটি দেশ নিজস্ব জাতীয় প্রক্রিয়ার মাধ্যমে আরও ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।
বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল সরকারের কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও সংকুচিত করছে।
নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া বা সমর্থন জানানো ১২ দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।
এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে জানান, অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতিগুলো থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য। একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা ও ফ্রান্সও।
এ ছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন ব্রিটেনের এই উদ্যোগে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান মিলিব্যান্ড।
তিনি আরও জানান, অবৈধ বসতি সম্প্রসারণ ঠেকাতে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হবে। শুধু অন্যায় ও মানুষের দুর্ভোগের নিন্দা জানিয়ে বসে না থেকে এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মিলিব্যান্ড বলেন, আরও দুর্ভোগ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নষ্ট হওয়ার ঘটনায় যুক্তরাজ্য নীরব দর্শক হয়ে থাকবে না।
ইসরাইল দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। তবে ইসরাইল এই অবস্থানের সঙ্গে একমত নয়।
এসি//