আইন-বিচার

সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

বায়ান্ন প্রতিবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে সিঙ্গাপুরে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সম্পদ ও হিসাব সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের উপপরিচালক ও তদন্ত দলের প্রধান মো. মশিউর রহমান আদালতে আবেদনটি করেন।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে নয় সদস্যের একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। অনুসন্ধানে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিঙ্গাপুরে সাবেক এই মন্ত্রী ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে আটটি ব্যাংক হিসাব, একটি প্রতিষ্ঠানে পরিচালক পদ এবং মূল্যবান স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে।

দাপ্তরিক নথিতে উল্লেখ করা হয়েছে, সিঙ্গাপুরের এসবিসি ব্যাংকে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যৌথ নামে তিনটি সঞ্চয় ও বিনিয়োগ হিসাব রয়েছে। এ ছাড়া ফার্স্ট আবুধাবি ব্যাংক পিজেএসসি, সিটিব্যাংক এবং ডিবিএস ব্যাংকে বিভিন্ন হিসাব ও আমানতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আরামিট প্রপার্টিজ লিমিটেড, জেডটিএস প্রপার্টিজ লিমিটেড এবং নিউ ভেঞ্চারস লন্ডন লিমিটেডের নামে বিনিয়োগও রয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ‘জাসা ওশান পিটিই লিমিটেড’ নামের একটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানে ২০১১ সালের ১৫ মার্চ থেকে ২০১৯ সালের ৩ মে পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী।

এ ছাড়া নথিতে সিঙ্গাপুরে তার প্রত্যক্ষ মালিকানাধীন একটি অভিজাত স্থাবর সম্পত্তির তথ্যও তুলে ধরা হয়েছে। ২০১৯ সালের ৭ জুন সম্পত্তিটি ১৬ লাখ ১২ হাজার সিঙ্গাপুর ডলারে কেনা হয়।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, টাস্কফোর্স গোপন সূত্রে জানতে পেরেছে যে অভিযুক্তরা সিঙ্গাপুরে থাকা এসব স্থাবর সম্পত্তি দ্রুত হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছেন। সম্পদ হস্তান্তর বা পাচার হয়ে গেলে রাষ্ট্র আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

এ অবস্থায় সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আদালতের কাছে আবেদন করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহের জন্য পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের আওতায় সিঙ্গাপুরের বিচারিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর অনুমতি চাওয়া হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এসব ব্যবস্থা নেওয়ার অনুমতি দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সাবেক ভূমিমন্ত্রী #সাইফুজ্জামান চৌধুরী #সম্পত্তি ক্রোক #সিঙ্গাপুর