জাতীয়

উন্মুক্ত পদ্ধতিতেই কয়লা উত্তোলন

সস্তা জ্বালানি না হলে, সস্তা বিদ্যুৎ হবে না : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ না হলে উন্নয়ন হবে না, আবার সস্তা জ্বালানি না হলে সস্তা বিদ্যুৎ হবে না। সুতরাং আমাদের যেটা সস্তা, সেটাতেই আমরা যাব।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন প্রযুক্তি আসছে। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রে দেখবেন একটু ধোঁয়াও নাই। অর্থনীতির জন্য সব ধরনের জ্বালানিতেই যেতে হবে। পরিবেশের নাম দিয়ে বেকারত্ব বাড়িয়ে তো লাভ নেই। সরকার সব ধরনের জ্বালানিতেই হাত দেব।

তিনি বলেন, কয়লা উত্তোলনের এখনই উপযুক্ত সময়, আর এটা উন্মুক্ত পদ্ধতিতেই হতে হবে। এখন নতুন প্রযুক্তি এসে গেছে, তাতে জমির কোনো ক্ষতি হবে না। আমরা এটার ওপর জোর দিচ্ছি। দরপত্র প্রক্রিয়া কী হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রধানমন্ত্রী তিন মাসের মধ্যে এটা চূড়ান্ত করতে বলেছেন।

তিনি আরও বলেন, আদানিসহ ভারতের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, সেখানে সভরেন গ্যারান্টি দেওয়া। সভরেন গ্যারান্টি বাতিল করা যায় না। তবে তাদের সঙ্গে আলোচনা চলছে। জ্বালানির ঝামেলার কারণে তারাও আবার দাম বাড়াতে চাচ্ছেন। সরকারের টিম ভারতে গিয়েছিল। যাতে দাম কমান যায় সেজন্য চেষ্টা চলছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাস সংকট সামাল দিতে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের বাজার থেকে এলএনজি সংগ্রহের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, দেশে এখন গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ সরবরাহেও আগের তুলনায় স্থিতিশীলতা এসেছে। তবে কোথাও কোথাও কারিগরি সমস্যার কারণে সাময়িক বিঘ্ন ঘটছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানিমন্ত্রী