জাতীয়

শ্রমিকেরা কাজ না করলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

পোশাক কারখানার মালিকরা জানিয়েছেন,   শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই।

শনিবার (১৪ নভেম্বর)  তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এ ঘোষণা দেন। উত্তরায় বিজিএমইএ এর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তিনি বলেন,  সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় আগে থেকে উৎপাদন বন্ধ ছিল।

মাহমুদ হাসান খান বলেন, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে এমন বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে একটি মহল। ফলে হাজিরা দিয়ে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন সাধারণ শ্রমিক। এতে ক্রেতাদের কাছে তৈরি হচ্ছে ভাবমূর্তির সংকট।

বিজিএমইএ সভাপতি বলেন, দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি হলো আমাদের পোশাক শিল্প। কিন্তু একটি মহল এই শিল্পে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত ৭-১২ দিন এই সমস্যা সৃষ্টি হচ্ছে। নিম্নতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই  বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাঁদের বিরত থাকতে হবে। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিএমইএ