সিরিয়ার ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট সামগ্রী রাখা একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (০৯ সেপ্টেম্বর) ইদলিবের উত্তরাঞ্চলে সারমাদা শহরের কাছে বুর্জ আল-নিমরা গ্রামে এ বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে আগুন নেভানোর সময় একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত হয়।
ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ রাখা হতো।
এর আগে গেল ১ সেপ্টেম্বর ইদলিবের বিনিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
দীর্ঘদিনের সংঘাতের পর সিরিয়ার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ ও পরিত্যক্ত অস্ত্র রয়ে গেছে। এসব সামগ্রী থেকে এখনো নতুন করে প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে।
সূত্র: আলজাজিরা