খেলাধুলা

জাপানের কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জুনিয়র হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের। ছেলেদের জুনিয়র এশিয়া কাপে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ে জাপানের কাছে ৬-২ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্বমঞ্চে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ব্যাকফুটে ছিল বাংলাদেশ। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই গোল হজম করে তারা।

দ্বিতীয় কোয়ার্টারে জাপান আরও দুবার বাংলাদেশের জালে বল পাঠালে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় দল।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে মেহেদীর পেনাল্টি স্ট্রোক থেকে পাওয়া গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। । এই কোয়ার্টারেই আরও তিন গোল আদায় করে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নেয় জাপান। তবে শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে মুন্না একটি গোল করলেও বাংলাদেশের বড় হার ঠেকানো যায়নি।

এই ফলাফলে জাপানের কাছে হেরে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। অন্যদিকে জয়ী জাপান শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনের মুখোমুখি হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সপ্তম স্থান অর্জনের লক্ষ্যে চায়নিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সপ্তম এবং হারলে অষ্টম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হবে বাংলাদেশকে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #হকি বিশ্বকাপ #জাপান #বাংলাদেশ