রাজধানী

বিমানবন্দর থেকে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৮৬১ দশমিক ৮ গ্রাম (৭৪ ভরি) স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোলচত্বরের উত্তর পাশের ফুটপাত থেকে তাঁদের আটক করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে বিমানবন্দরের উত্তর পাশের ফুটপাতে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে এপিবিএন সদস্যরা এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে দেহে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসায় আসামিরা স্বীকার করেছেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের সাহায্যে এসব স্বর্ণ আনা হতো। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের অপরাধে যুক্ত।

এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ স্বর্ণ রাখার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরে অপরাধ দমন ও নিরাপত্তা রক্ষায় কোনো আপস করা হবে না। স্বর্ণ ও মাদকের চোরাচালান বন্ধে এপিবিএনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

আর/আই    

এ সম্পর্কিত আরও পড়ুন #এপিবিএন #স্বর্ণ #চোরাচালান