আন্তর্জাতিক

চিড়িয়াখানায় জলাতঙ্কে আক্রান্ত বাদুড়, দর্শনার্থীদের জন্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের রজার উইলিয়ামস পার্ক চিড়িয়াখানায় জলাতঙ্কে আক্রান্ত একটি বাদুড়ের উপস্থিতি শনাক্ত হওয়ার পর দর্শনার্থীদের সতর্ক করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ। ওই বাদুড়ের সংস্পর্শে আসার আশঙ্কা থাকায় নির্দিষ্ট দিনে চিড়িয়াখানায় থাকা ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোড আইল্যান্ড স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ আগস্ট চিড়িয়াখানার জল-ক্রীড়া এলাকায় একটি বাদুড়কে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। বাদুড়টির আচরণ ও উপসর্গ পর্যালোচনার পর চিকিৎসকেরা এটিকে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা প্রাণী হিসেবে চিহ্নিত করেন। বিষয়টি সামনে আসার পর গত শুক্রবার ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে রাজ্য স্বাস্থ্য বিভাগ।

চিড়িয়াখানার পশুচিকিৎসা দল জানিয়েছে, বাদুড়টি চিড়িয়াখানার নিজস্ব প্রাণী ছিল না; এটি ছিল বন্য বাদুড়। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রাণীটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও পরীক্ষার আগেই সেটি নিখোঁজ হয়ে যায়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাদুড়ের কামড় কিংবা আঁচড় অনেক সময় এতটাই সূক্ষ্ম হয় যে আক্রান্ত ব্যক্তি তা বুঝতে পারেন না। এ কারণে ২৪ আগস্ট ওই এলাকায় অবস্থান করা দর্শনার্থীদের সতর্কতামূলক চিকিৎসার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন চিড়িয়াখানায় গিয়ে কোনো বাদুড়ের সংস্পর্শে এসেছেন—এমন ব্যক্তিদের দ্রুত নির্ধারিত স্বাস্থ্যসেবা নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে জলাতঙ্কে আক্রান্ত বা জলাতঙ্কের সন্দেহ রয়েছে—এমন প্রাণীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। বিশেষ করে র‍্যাকুন ও বাদুড়ের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় বন্য প্রাণীদের মধ্যে জলাতঙ্কের বিস্তার ঠেকাতে প্রতিষেধকযুক্ত খাবারের প্যাকেট আকাশপথে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ম্যাসাচুসেটসের কেপ কডসহ বিভিন্ন বন্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে এসব প্রতিষেধক ছড়ানোর কার্যক্রম চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো প্রয়োজনীয় প্রতিষেধক বা চিকিৎসা না পেলে জলাতঙ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। উপযুক্ত চিকিৎসা না হলে মানুষের ক্ষেত্রে রোগটি প্রায় শতভাগ প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #রোড আইল্যান্ড #বাদুড় #জলাতঙ্ক