জাতীয়

এবার রাজধানীর দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় আনতে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট।

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট—লাইন-৫: সাউদার্ন রুট’ নামের প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই মেট্রোরেল করিডোরের এক প্রান্ত থাকবে গাবতলীতে, অন্য প্রান্ত দাশেরকান্দিতে। পথে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগর, আফতাব নগর সেন্টার, আফতাব নগর ইস্ট ও নাসিরাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত হবে।

এই রুট চালু হলে ঢাকার উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমমুখী যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-১-এর সঙ্গে সরাসরি আন্তঃসংযোগের সুবিধাও থাকবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএল প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে সহজ শর্তের ঋণ হিসেবে নেওয়া হবে।

প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানান, সাউদার্ন রুটের প্রাথমিক সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েক দফা ব্যয় ও নকশা পর্যালোচনার পর অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে।

নতুন এই মেট্রোরেল পুরোপুরি চালু হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমার পাশাপাশি দুই প্রান্তের যাত্রীদের দ্রুত ও সুশৃঙ্খল গণপরিবহন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মেট্রোরেল