সৌদি আরবের তিন শহরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় সাতটি আবাসিক বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক এলাকায় এসব হামলা চালানো হয়। ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট করছে, এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হামলায় আহতদের বেশিরভাগের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার। এছাড়া আবাসিক সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-মালিকি বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলা তাদের ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানেরই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় এসব হামলার জবাব ‘দায়িত্বশীল ও দৃঢ়ভাবে’ দেওয়া হবে।
এ ক্ষেত্রে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
হুতিদের ভবিষ্যৎ হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন আল-মালিকি। হুতিদের কর্মকাণ্ডকে ‘শত্রুতামূলক’ উল্লেখ করে তা প্রতিহত করার কথাও জানান তিনি।
এমএ//